ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্টের কাছে টাকার খাম, ছয় মাসের দণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোট চলাকালে এক চেয়ারম্যান পদপ্রার্থী এজেন্টের কাছে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম পাওয়া গেছে।
এই ঘটনার পর ওই এজেন্টকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়।
রোববার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডিত হাবিবুল বাশার (৩৮) মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুর রহমান ভূঁইয়ার নির্বাচনী এজেন্ট ছিলেন।
মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার মো. ইফতেখার রসুল সিদ্দিক জানান, বাশার নামের ওই এজেন্ট কেন্দ্রে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। তার কাছ থেকে মোবাইল নিতে চাইলে তিনি উত্তেজিত হয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
“পরে তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন এবং সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীর নাম লেখা একটি খাম উদ্ধার করা হয়। খামে ১৭ হাজার টাকা ছিল।”
এরপর বাশারকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে ছয় মাসের কারাদণ্ড দেন বলে ইফতেখার রসুল জানান।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, টাকার খাম উদ্ধারের ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
