২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছি বলতেই কোপাল’

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 04:56 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

আহতরা অভিযোগ করেছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এই আক্রমণ চালায়।

আহতদের দুইজন হলেন ইউনিয়নের স্বরাজপুর এলাকার রবিউল হক (৫৫) ও সুজন মিয়া (৪০)। আহত অপরজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

রবিউল হক বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। কেন্দ্র থেকে বের হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পথ আগলায় একদল লোক।

“সদস্য প্রার্থী শাহ আলমের ছেলে রনি (২৫) জিজ্ঞেস করেন, ‘কাকে ভোট দিয়েছেন? আমার বাবাকে ভোট দিয়েছেন?’ আমি তখন বলি, ‘আমরা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছি।’ এ কথা বলতেই রনিসহ তার লোকজন চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে আমাদের কুপিয়ে চলে যায়।”

আহতরা সদস্য প্রার্থী আজাদ হোসেন কিরণের সমর্থক বলে জানান রবিউল হক।

সোনাগাজী উপজেলার এই কেন্দ্রে সে সময় সাংবাদিকরা ছিলেন।

আহতদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তিনজনের হাতে, কোমরে ও পাছায় কোপানো হয়েছে। সেখান থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

স্থানীয় লোকজন ও সাংবাদিকরা তিনজনকে টমটমে করে হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে দুইজন তাদের নাম বলতে পারলেও অপরজন কথা বলতে পারেননি।

তবে সদস্য প্রার্থী শাহ আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “এই হামলার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এ সম্পর্কে আমি কিছু জানি না। আমার ছেলে রনিও এ হামলার সঙ্গে জড়িত না। সে কেন্দ্রের আশপাশেও ছিল না।”

রোববার দেশের ৮৩৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, যাতে ভোট নেওয়া শুরু হয় সকাল ৮টায়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১৫টি ইউনিয়নও রয়েছে।