পুলিশের বাধা উপেক্ষা করে গাইবান্ধায় বিএনপির সমাবেশ
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও গণসমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন তারা।
সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ছামছুল হাছান ছামছুল।
তিনি বলেন, “স্টেশন রোডের কাঠপট্টি এলাকায় জেলা যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করে। কিন্তু সেই মিছিলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা স্টেশনের ভেতর দিয়ে পায়ে হেঁটে দাস বেকারির মোড় হয়ে গণসমাবেশে অংশ নেন।”
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, “জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনগুলোর নেতাকর্মীরা শহরের ব্যস্ততম সড়কে মিছিল বের করে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাদের মিছিলে বাধা দেওয়া হয়।”
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, “দিনের পর দিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন খালেদা জিয়া। তিনবারের সফল প্রধানমন্ত্রী তিনি। অথচ তিনি আজ জীবন-মরণের সন্ধিক্ষণে।
“বর্তমানে খালেদা জিয়ার সুচিকিৎসা প্রয়োজন। এ জন্য অবিলম্বে তাকে বিদেশ পাঠানো জরুরি। তারপরও সরকার খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসায় টালবাহনা করছে।”
খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেন, “এই দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হারুন-উর-রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মিজানুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
