আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আশুলিয়ার ইউনিক এলাকার ‘রান ফ্যাশন’ নামে ওই কারখানায় শুক্রবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান।
পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জাহাঙ্গীর আলম বলেন, “সোয়েটার তৈরির টিনশেডের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
“প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
অগ্নিকাণ্ডে কারখানার সোয়েটার, সুতাসহ বেশকিছু মেশিনারিজ পুড়ে যাওয়ার কথা জানালেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি তিনি।
