কাটাখালীর বরখাস্ত মেয়রের বিরুদ্ধে আরও ২ মামলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘কটূক্তির’ পর বরখাস্ত হওয়া রাজাশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল আইনে আরও দুটি মামলা হয়েছে।
কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুই ব্যক্তি কাটাখালী থানায় এ দুই মামলা দায়ের করেন। রাতেই মামলা দুইটি রেকর্ড করা হয়।
এ নিয়ে আব্বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল তিন।
পুলিশ জানিয়েছে, হরিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুশ বাদী হয়ে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি দায়ের করেছেন কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম জনি।
আব্দুল কুদ্দুশ অভিযোগে বলেন, ২০১৯ সালের মার্চ মাসে কাটাখালী অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেয়র আব্বাসের বাসভবনের কাছে নিজ জায়গায় একটি মার্কেট নির্মাণ শুরু করেন। নির্মাণ কাজ শুরুর পরপরই আব্বাস তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আব্বাসের সশস্ত্র ক্যাডাররা তার নির্মাণ সামগ্রী ভাঙচুর করেন। ফলে এরপর তিনি আর মার্কেট নির্মাণ করতে পারেননি। এরপরও আব্বাস চাঁদা পরিশোধের দাবি করে হুমকি দিয়ে আসছিলেন। নিজ জায়গায় মার্কেট নির্মাণ করতে না পারায় তিনি বিপুল আর্থিক ক্ষতিতে পড়েন।
অপর মামলার বাদী অভিযোগ করেন, গত ২৩ নভেম্বর আব্বাসের ভাইরাল হওয়া অডিওতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকেই শুধু কটূক্তি করা হয়নি, রাজশাহীর মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে উদ্দেশ্য করে অসম্মানজনক নানা কটূক্তিও করা হয়েছে।
কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, দুটি এজাহার পেয়ে মামলা আকারে রেকর্ড করা হয়েছে। অন্য একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা আব্বাসকে এ দুটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হবে আদালতে।
গত ২২ নভেম্বর রাতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে জাতির পিতার প্রতি কটূক্তি করেন কাটাখালীর বরখাস্ত মেয়র আব্বাস আলী। ২৫ নভেম্বর নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। গত ২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেল থেকে র্যাব আব্বাসকে গ্রেপ্তার করে।
গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় আব্বাসকে সাময়িক বরখাস্ত করে। জেলা আওয়ামী লীগ আগেই কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাসকে বহিষ্কার করে। বর্তমানে আব্বাস রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুরনো খবর:
