ব্রাহ্মণবাড়িয়ায় ২ আহমদিয়ার মরদেহ দাফনে বাধার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া সম্প্রদায়ের দুই জনের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা মধ্যরাস্তা কবরস্থানে লাশ দাফন করতে গেলে বাধার সম্মুখীন হন বলে মৃতের স্বজনরা জানান।
স্বজনদের অভিযোগ, মৃতরা আহমদিয়া সম্প্রদায়ের হওয়ার কারণে তাদের লাশ দাফন করতে দেওয়া হয়নি।
পরে দুপুর ২টার দিকে শহরের কান্দিপাড়া আহমদিয়া কবরস্থানে মরদেহ দুটি দাফন করা হয় বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম মিয়া বলেন, “বুধবার রাতে ঘাটুরা গ্রামের বিলকিস আক্তার এবং ভোরে এস এম ওসমান নামে দুইজন মারা যান। সকালে ঘাটুরা মধ্যরাস্তা কবরস্থানে গিয়ে দুটি কবর খোঁড়া শুরু হলে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে আহমদিয়া সম্প্রদায়ের কবর প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে স্থানীয় গ্রামবাসীরা এসে কবর খুঁড়তে বাধা দেয়।
ঘাটুরা আহমদিয়া মুসলিম জামাতের সাধারণ সম্পাদক এসএম সেলিম বলেন, “আমরা যখন কবর খুঁড়তে শুরু করি তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান আঙ্গুর হাজারীর বাবা তৌহিদ মিয়া হাজারী এসে বাধা দেয়। তার সঙ্গে এলাকার কিছু লোক যুক্ত হয়।
“পরে প্রশাসনের অনুরোধে আমরা কান্দিপাড়া আহমদিয়া কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করেছি।”
অভিযোগ অস্বীকার করে সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আঙ্গুর হাজারী বলেন “আমার বাবা লাশ দাফনে বাধা দেয়নি, বাধা দিয়েছে স্থানীয় জনগণ। আমি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”
স্থানীয় ইউপি সদস্য মহসিন খন্দকার বলেন, “আহমদিয়াদের জন্য আলাদা একটি কবরস্থান করার জন্যে উদ্যোগ নেব।”
এ বিষয়ে ব্রাহ্মণাবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে এ দুই সম্প্রদায়ের মধ্যে এই কবরস্থানটি নিয়ে বিরোধ চলছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে স্থায়ী সমাধান করা হবে। আহমদিয়াদের জন্য এখানে একটি কবরস্থান নির্মাণের ব্যবস্থা করা হবে।”
