জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা ৭ জানুয়ারি
জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ জানুয়ারি ‘পাখি মেলা-২০২২’ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
পাখি মেলা আয়োজক কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।”
মেলার আয়োজক হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। সহ-আয়োজক হিসেবে থাকবে ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগ।
অনুষ্ঠানসূচির ব্যাপারে অধ্যাপক মনিরুল জানান, পাখি মেলা উদ্বোধন, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকবে এ মেলায়।
মেলার আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাখি মেলার উদ্দেশ্য হচ্ছে পাখি সংরক্ষণে গনসচেতনতা তৈরি করা। শুধু আইন প্রয়োগ করে জীববৈচিত্র্য বা পাখি বাঁচানো সম্ভব নয়। সবাই সচেতন হলে পাখির অবৈধ শিকার, বিক্রি জনগণই বন্ধ করবে, আইনের আশ্রয় নেবে। তাহলেই পাখি বা জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে।”
করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি বলেন, “আমাদের ফিজিক্যাল প্রতিযোগিতার সংখ্যা খুবই কম। আর যেসব প্রতিযোগিতা ফিজিক্যালি হবে সেগুলোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই পাখি মেলার আয়োজন করব।”
তিনি জানান, এ বছর ২০তম পাখি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম মেলা ২০০০ সালে শুরু করেছিল ‘বাংলাদেশ বার্ড ক্লাব’। ২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এতে সরাসরি সম্পৃক্ত হয়।
পাখি মেলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের কয়েকটি নিয়ম স্থির করা হয়েছে।
আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা: প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে দুটি দল অংশ নিতে পারবে। প্রতিটি দলে চারজন শিক্ষার্থী থাকবে এবং দলের সঙ্গে একজন বিচারক অংশগ্রহণ করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ধারিত এক ঘণ্টা হেঁটে পাখি দেখে বা পাখির ডাক শুনে সঠিক নাম লিখতে হবে। অংশগ্রহণকারীদের নাম মেলার আগে প্রাণিবিদ্যা বিভাগে অথবা মেলার দিন প্রতিযোগিতা শুরুর আগে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল ৭টা ২৫মিনিটের মধ্যে নিবন্ধন করতে হবে।
শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা: স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এ পর্বে অংশ নিতে পারবে। এর মধ্যে ‘ক’ গ্রুপ: নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি এবং ‘খ’ গ্রুপ: তৃতীয় খেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। প্রতিযোগীদের মেলার দিন সকাল সাড়ে ৮টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে এবং প্রত্যেকের নিজ স্কুলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ সবাই এ পর্বে অংশ নিতে পারবে।
আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও): ভিডিও দেখে ও ডাক শুনে পাখির নাম বলতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে দুটি দল অংশ নিতে পারবে। প্রতিটি দলে দুজন শিক্ষার্থী থাকবে। মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নিবন্ধন করতে হবে।
বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড: বাংলাদেশের পাখির ওপর যেকোনো পর্যবেক্ষণ (পাখির নতুন প্রজাতি/ বিপন্ন ও বিরল প্রজাতির সন্ধান/পাখির ওপর যেকোনো চমকপ্রদ পর্যবেক্ষণ) পর্যালোচনা করে তিনজনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। পর্যবেক্ষণের স্বপক্ষে ছবি, ভিডিও বা যেকোনো তথ্য প্রমাণ বিগ বার্ড বাংলাদেশ অথবা আহ্বায়ক, পাখি মেলা আয়োজক কমিটি-২০২২, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার ঢাকা-১৩৪২ ঠিকানায় ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।
কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড: গত দুই বছরে (২৫ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত) প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়াতে পাখি তথা জীববৈচিত্র্য বিষয়ে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে (প্রক্যেক ক্যাটাগরিতে একজন করে) এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রকাশিত সংবাদ/সংবাদের লিংক ই-মেইল করতে হবে, যার ঠিাকানা - birdfairju@gmail.com.
সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড: গত দুই বছরে (২৫ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত) বাংলাদেশের পাখির ওপর সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে একজনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রকাশিত প্রবন্ধ ই-মেইল অথবা পাখিমেলা আয়োজক কমিটি বরাবার ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। ই-মেইল ঠিকাসা হলো - birdfairju@gmail.com.
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শনের জন্য পত্র-পত্রিকা, প্রকাশনা, ছবি দিয়ে স্টল সাজানো যাবে। বিচারকদের রায়ে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হবে। এই স্টল সাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের ৩১ ডিসেম্বরের মধ্যে মেলার আহ্বায়ককে জানাতে বলা হয়েছে।
