২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

কুষ্টিয়া সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 08:27 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকাল ৯টা এবং বেলা সাড়ে ১২টার দিকে যথাক্রমে শহরের জুগিয়া ত্রিমোহনী ও শহরতলীর লাহিনী বটতলা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম জানান।

নিহতদের একজন কুষ্টিয়ার জুগিয়া কদমতলার আনসার সরদারের ছেলে ইসলাম সরদার (৪৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।

ওসি সাব্বিরুল বলেন, “সকালে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে জুগিয়া ত্রিমোহনী এলাকায় একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক ইসলাম সরদার মারা যান।”

অপর দুর্ঘটনার বিষয়ে ওসি সাব্বিরুল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এলাকায় একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে ব্যাটারিচালিত একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান।

“স্থানীয়রা ট্রাকচালককে মারধর করায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।