২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পিকআপ চাপায় মাদ্রাসাছাত্র নিহত, চালক আটক

ফেনীর পরশুরাম উপজেলায় বালুভরতি পিকআপ চাপায় মাদ্রাসাছাত্র এক শিশু নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 07:39 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার দুপুরে পূর্ব সাহেবনগর সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাওন (৭) উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের দিনমজুর আবদুল হান্নানের ছেলে। সে পূর্ব সাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পরশুরাম মডেল থানার ওসি মু. খালেদ হোসেন বলেন, মুহুরী নদীর কাউতলী বালুঘাট থেকে বালু বোঝাই করে পিকআপটি পরশুরাম উপজেলা সদরের দিকে যাচ্ছিল। দুপুরে পূর্ব সাহেবনগর ‘স্টিল ব্রিজের’ ওপরে ওঠার সময় হঠাৎ পিকআপটি পেছনের দিকে চলে আসে। এ সময় শাওন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল।

“পিকআপটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ছেলেটি ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে পিকআপ চালক মো. হারুনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।”

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিক-আপটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। গাড়ির চালক থানা হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।