নওগাঁয় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগরে বাড়ি থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান।
মৃত সিহাব মৃধা (২০) ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
মৃতের পরিবারের বরাতে ওসি বলেন, বুধবার রাতের খাবার খেয়ে শোয়ার ঘরে যান সিহাব। সকালে ছোট ভাই সিহাবকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া মেলেনি। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে সিহাবের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সিহাবের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় রাণীনগর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
