নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় পথচারী নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত কৃষ্ণ হালদার (৩৮) উপজেলার নতুন বান্দুরা হালদারপাড়ার বাসিন্দা। বান্দুরা বাজারে নিজের দোকানে চটপটি বেচতেন তিনি।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আসফাক রাজীব হাসান জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কৃষ্ণ ওই এলাকার শিকারীপাড়া-বারুয়াখালী সড়কে হাঁটছিলেন। এ সময় নসিমনটি তাকে পেছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি বলে জানান এসআই আসফাক।
