২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৬

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ছয় সমর্থক আহত হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 02:20 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী খোকন এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- আবুল শিকদার (৫০), গোলাম হোসেন (৬১) ও সায়রা খাতুন (৬৫), আবুল শিকদার, গোলাম হোসেন, হালিম কাজী (৫৮),আয়নাল হক ঢালী (৬৭) ও ইয়াসিন (২৭)।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহি আলম জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে আহত আবুল শিকদার, গোলাম হোসেন ও সায়রা খাতুনকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এরপর রাত সাড়ে ১০টার পরে শটগানের গুলিতে আহত হালিম কাজী, আয়নাল হক ঢালী ও ইয়াসিনকে হাসপাতালে আনা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আহত হালিম কাজী বলেন, বৃহস্পতিবার ৮ টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা চালাচ্ছিলেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক। এ সময় নৌকা প্রতিকের আবুল খায়ের মোহাম্মদ আলীর সমর্থকেরা মোজাম্মেলের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ছেলে তানভীর হোসেনসহ আহত হয় দুইজন।

আহত ইয়াসিন মিয়া বলেন, হামলার পর তারা মোজাম্মেল হক চৌধুরীর বাড়ির সামনে যান। সেখানে অতর্কিতভাবে আবুল খায়েরের ২৫/ ৩০ সমর্থক পিস্তল, রামদা, হকিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় ৬ জন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী খোকন বলেন, “আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের লোকজন নির্বাচনে পরাজয়ের ভয়ে পরিকল্পিতভাবে তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এর আগেও নৌকা প্রতিকের লোকজন আমার সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

তবে অভিযোগ অস্বীকার করে আবুল খায়ের বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। রাতে এরকম কিছু হয়েছে বলে আমার জানা নেই। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।”

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।