২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষা চাষে ‘আগ্রহ ফিরছে’ শার্শায়

যশোরের শার্শা উপজেলায় আগ্রহ হারিয়ে ফেলা কৃষক আবার সরিষা চাষে ঝুঁকছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 01:46 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

সংশ্লিষ্টরা জানান, বারি-১৪সহ কয়েকটি জাতের সরিষা লাভজনক হওয়ায় বছর বছর এর চাষ বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, চলতি বছর এ উপজেলায় চার হাজার চারশ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন চাষিরা, যেখানে গত মৌসুমে চাষ হয় দুই হাজার ৫৮০ হেক্টরে।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সরিষার হলুদ ফুলে ভরে গেছে মাঠ। বিশেষ পরিচর্যা করতে হয় না বলে কৃষকরা আশায়-অপেক্ষায় আছেন ফসল ঘরে তোলার।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার বালা বলেন, বছরের পর বছর স্থানীয় জাতের সরিষা চাষ করে মার খেয়েছেন কৃষক। হতাশ হয়ে চাষ কমিয়ে দেন অনেক কৃষক। মুখ ফিরিয়ে নেন আরও অনেক কৃষক।

“

“কয়েক বছর আগে কৃষি বিভাগের সহায়তায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চফলনশীল বারি-১৪, বারি-৯, সরিষা-১৫, সোনালি সরিষা (এসএস-৭৫) ও স্থানীয় টরি-৭ জাতের সরিষা উদ্ভাবন করে। লাভজনক হওয়ায় দিন দিন এসব সরিষার প্রতি আগ্রহী হচ্ছেন চাষিরা।”

এসব সরিষা মাত্র ৭৫-৮০ দিনে তোলা যায় জানিয়ে তিনি বলেন, প্রতি হেক্টরে এর ফলন হয় প্রায় দেড় হাজার কেজি। এতে তেলের পরিমাণ ৪৩-৪৪ শতাংশ।

“তাছাড়া ভোজ্যতেল হিসেবে সরিষার চাহিদা দিন দিন বাড়ছে।“

কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

উপজেলার শিবচন্দ্রপুর গ্রামের তৌফিকুর রহমান বলেন, “উচ্চফলনশীল এবং আড়াই মাসে তোলা যায় বলে সরিষার পর ওই জমিতে বোরো আবাদ করতে পারছি। এতে কৃষিজমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হওয়ায় সরিষার প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে।”

তিনি এ বছর তিন বিঘা জমিতে বারি-১৪ ও বিনা-৯/১০ জাতের সরিষা চাষ করেছেন বলে জানান।

তৌফিকুর বলেন, “প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা। সরিষার গাছ, ফুল ও ফল ভাল হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।”

“এ জাতের সরিষা চাষের পর ওই জমিতে ধানের আবাদও ভাল হয় এবং চাষেও খরচ কম লাগে,” বললেন বেড়ি গ্রামের মোখলেছুর রহমান।

গত বছর সরিষার দাম ও চাহিদা ভাল থাকায় এবারও সরিষা চাষ করছেন বলে জানান শার্শা গ্রামের কৃষক আফজাল শেখ।