২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ২ কলেজছাত্র নিহত

গোপালগঞ্জ শহরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন; তাদের আরেক বন্ধু আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 11:15 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের মোহাম্মাদপাড়ার ইসলামবাগের এনামুল হক মজনুর ছেলে আব্দুল বাসিদ (১৮) ও ইমদাদুল হকের ছেলে মো. তানভীর (১৮)।

আহত হয়েছেন সিফাতুল ইসলাম (১৮)। তারা সবাই শহরের হাজী লালমিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় মোহাম্মাদপাড়ার ইসলামবাগের ওই শিক্ষার্থীদের মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তিন বন্ধু বাসিদ, তানভীর ও সিফাতুল মোটরসাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে যাচ্ছিলেন।

“চেচানিয়াকান্দি পৌঁছালে খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।”

ওসি বলেন, তানভীর ঘটনাস্থলে নিহত হন। আব্দুল বাসিদ ও সিফাতুল ইসলাম আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাসিদকে মৃত ঘোষণা করেন।

ট্রাকসহ চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।