গাজীপুরে কথিত পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় কথিত এক পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর মাসুদ মিয়া (৫০) নামের ওই ব্যক্তি পলাতক থাকলেও তার সহযোগী সাগর আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক বলেন, “অভিযোগ পেয়ে মাসুদের সহযোগী সাগরকে গ্রেপ্তার করেছি। তবে কথিত পীর এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বুধবার সকালে সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মামলার বরাতে ওসি সিদ্দিক জানান, আমবাগ এলাকায় মাসুদ মিয়া নামে এক ‘পীর’ ও তার সহযোগী সাগর বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করে থাকেন। তার কাছে ‘তালিম’ নেওয়ার জন্য যেতেন স্থানীয় এক নারী।
“গত ১৯ ডিসেম্বর রাতে তার সহযোগী সাগর ওই নারীকে তালিম নেওয়ার জন্য তার বাসায় যেতে বলেন। এরপর ওই নারী তার স্বামীকে নিয়ে মাসুদের কাছে যান। রাত ১১টার দিকে মাসুদের সহযোগী ওই নারীকে একটি পান খেতে দেন এবং তার স্বামীকে সিগারেট আনতে দোকানে পাঠান।”
মামলার বরাতে ওসি আরও বলেন, “পান খাওয়ার পরে ওই নারী অজ্ঞান হয়ে যান। এ সময় পীর মাসুদ ওই নারীকে ধর্ষণ করেন। তার স্বামী ফিরে এসে বিষয়টি বুঝতে পেরে চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় মাসুদ পালিয়ে যান।”
