গাজীপুরে নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলেনি এক সপ্তাহেও
নিখোঁজের এক সপ্তাহ পরও গাজীপুর নগরীর এক স্কুলছাত্রীর সন্ধান মেলেনি, যাকে অপহরণ করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
অষ্টম শ্রেণির এই ছাত্রীর সন্ধান ও উদ্ধারের দাবিতে বুধবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠী ও এলাকাবাসী।
গত ১৫ ডিসেম্বর মেয়েটি নিখোঁজ হয়। দুদিন পর [১৭ ডিসেম্বর] তার বাবা বাদী হয়ে বাসন থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে স্থানীয় কাশেম টেক্সটাইল মিলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ মেয়েটিকে উদ্ধারের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে আন্দোলন প্রত্যাহার করেন।
ওই শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ ডিসেম্বর দুপুরে ওই ছাত্রী পরীক্ষা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় স্থানীয় কাসেম টেক্সটাইল মিল এলাকার সামনে পৌঁছালে ৭/৮ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। ঘটনার সাতদিন পরেও মেয়ের সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার বাবা-মা।
বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, “শিক্ষার্থী উদ্ধারে পুলিশ, পিবিআই ও র্যাব সদস্যরা কাজ করছে। ইতোমধ্যে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।”
দ্রুত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
