২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজ পরিবার থেকে অর্থ আদায়ে অপহরণ নাটক’, যুবক আটক

রাজশাহীতে পাওনাদারের ‘টাকা আত্মসাৎ ও নিজ পরিবার থেকে অর্থ আদায় করতে’ অপহরণের নাটক সাজানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 08:12 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

মঙ্গলবার রাতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান।

আটক মিজানুর রহমান (২৬) গোদাগাড়ী উপজেলার কাজীহাটা ধরমপুর গ্রামের এমারত আলীর ছেলে। ‘ফরেন্স এক্সচেঞ্জ’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

বুধবার দুপুরে গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত জানায় পুলিশ।

উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, “গত ১৩ ডিসেম্বর মিজানুরের মা কাশিয়াডাঙ্গা থানায় মিজানুরের নিখোঁজের বিষয়ে জিডি করেন। পরদিন মিজানুর পরিবারকে জানান তাকে অপহরণ করা হয়েছে, অপহরণকারীরা তার অনলাইন ব্যবসার ৭৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা না দিলে অপহরণকারী তাকে মেরে ফেলবে।

“পরে বিষয়টি তার পরিবার পুলিশকে জানায়। পুলিশ তার অবস্থান শনাক্ত করে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করে।”

আরেফিন জুয়েল বলেন, “জিজ্ঞাবাদে মিজানুর প্রথমে অপহরণের কথা বললেও পরে নাটক সাজানোর কথা স্বীকার করেন। মিজানুর পুলিশকে জানিয়েছেন, অনলাইন ব্যবসায় গত সাত বছরে তার ৭৮ লাখ টাকা লোকসান হয়। পুঁজি হারিয়ে ব্যবসা বন্ধ হওয়ায় ৩১ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন।”

উপ-কমিশনার বলেন, “মিজানুর আরও জানিয়েছেন, সম্প্রতি পাওনাদাররা চাপ সৃষ্টি করলে টাকা না দেওয়া ও পরিবার থেকে অর্থ আদায়ের কৌশল হিসেবে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে তার একাউন্টে ২০ লাখ টাকা দিতে বলেন।”