নওগাঁয় ‘জমি বন্ধকের টাকা ফেরত চাইতে গিয়ে’ যুবক খুন
নওগাঁর বদলগাছী উপজেলায় ‘জমি বন্ধকের টাকা ফেরত চাইতে গিয়ে’ এক যুবক খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে বালুভরা ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটে বলে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান।
সকালের ঘটনায় আহত ওই যুবক নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মেহেদী হাসান (৩৫) ওই গ্রামের মোকলেছার রহমানের ছেলে।
নিহতের বোন ইসমত আরা বলেন, “পাঁচ বছর আগে আমার ভাই ৯০ হাজার টাকা দিয়ে ইছাহক আলীর জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। কয়েকদিন আগে সেই জমি বিক্রির প্রস্তাব দিলে আমার ভাই জমিটি কিনতে অস্বীকৃতি জানান এবং বন্ধকের টাকা ফেরত চান।
“টাকা ফেরত নিয়ে ইছাহক ও তার ছেলেদের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছিল। বুধবার তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর এবং কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেছে।”
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী মন্জু বেগম বলেন, “ইছাহকের বড় ছেলে হুমায়ন কাঁচি দিয়ে মেহেদীর তলপেটে আঘাত করেছেন।”
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন বলেন, “জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মেহেদী নিহত হয়েছেন।
“নিহতের বাবা মোকলেছার রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ইছাহক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও ছেলে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
