রাতে নিখোঁজ, পরদিন গলাকাটা লাশ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে একদিন আগে নিখোঁজ এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার বলাবাড়িয়া গ্রামের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান।
নিহত রিয়াদ হোসেন (২০) ওই গ্রামের ছলেমান খানের ছেলে।
ওসি মঈন উদ্দিন নিহত ব্যক্তির পরিবারের বরাতে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানের মিল থেকে বাড়ি ফিরছিলেন রিয়াদ। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“সকালে নদে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
