বগুড়ায় ‘ট্রেনে কাটা পড়ে’ কলেজছাত্র নিহত
বগুড়া শহরে ‘ট্রেনে কাটা পড়ে’ এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান।
নিহত আতাউর রহমান (২৪) জেলার শাজাহানপুর উপজেলার বাঁশকুটা এলাকার হাছান আলীর ছেলে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
এসআই আমিনুল বলেন, আতাউরের লাশ শহরের চেলোপাড়া রেল সেতুর নিচে পড়ে ছিল। সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
“ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় আতাউর মারা যান।”
তবে আতাউর কেন রাতে সেখানে গিয়েছিলেন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই আমিনুল ইসলাম।
