বাগেরহাট প্রেসক্লাবের নেতৃত্বে ফের নীহার-বাকী
বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে নীহার রঞ্জন সাহা ও তালুকদার আব্দুল বাকীর নেতৃত্বাধীন পরিষদ পুনরায় নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই ভোটে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা দ্বিতীয় বার এবং বাকী তালুকদার পরপর ষষ্ঠ বার নির্বাচিত হলেন।
তারা বাবুল সরদার-মীর জায়েসী আশরাফী জেমস পরিষদকে হারিয়েছেন।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সদস্য ইয়ামিন আলী সবার উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
ক্লাবের ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনার ইয়ামিন আলী জানান।
আগামী ৩১ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি ইসরাত জাহান, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক এসএম শামছুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক এস এম রাজ।
নির্বাচিত ছয় কার্যনির্বাহী সদস্য হলেন শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, তরফদার রবিউল ইসলাম, ফকির হাসান আলী, এসএস সোহান ও আল আমিন খান সুমন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নকিব সিরাজুল হক নির্বাচিত হন।
