রংপুর মেডিকেলে অগ্নিকাণ্ডের তদন্তে কমিটি গঠন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচালক রেজাউল করিম একথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ডা. মঞ্জুরুল করিমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অপর তিন সদস্য হলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী, গণপূর্তের ইলেকট্রো মেকানিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা ও হাসপাতালের প্রশাসনিক বিভাগের সহকারী পরিচালক ডা. মোস্তফা কামাল চৌধুরী।
কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে হাসপাতালের পরিচালক বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয় বলে রেজাউল করিম জানান।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কম্পিউটার, বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
