সুন্দরবনে বাঘের হামলায় জেলে নিহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে এক জেলে বাঘের হামলায় নিহত হয়েছেন বলে বনকর্মকর্তা জানিয়েছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মামুনদো খাল এলাকায় বনের ভেতর থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত মুজিবর জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের আক্কাস গাজীর ছেলে।
সোমবার বিকালে মাছ-কাঁকড়া ধরার সময় বাঘ তাকে ধরে নিয়ে যায় বলে তার সহকর্মী তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বনকর্মকর্তা হাসান বলেন, খবর পেয়ে সোমবারই কোস্টগার্ড ও পুলিশসহ বনকর্মীরা উদ্ধার অভিযানে যান। প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা মজিবরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।
