২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাসে গৃহবধূকে ‘ধর্ষণ’, ২ কিশোর সহযোগীসহ চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চালক ও তার দুই কিশোর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 05:04 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড থেকে রোববার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন।

আটকদের মধ্যে বাসচালক নূরুল হক (২১) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় (১৪, ১৬) নাম প্রকাশ করা হল না।

মামলার বিবরণে বলা হয়, ওই গৃহবধূ নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য রোববার রাত ১০টার দিকে যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদ-গাউছিয়া রুটে চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামে একটি বাসে ওঠেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পৌঁছানোর পর সব যাত্রী বাস থেকে নেমে যায়।

পরে বাসটি বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় জাহিন গার্মেন্টসের সামনে গেলে চালক ও তার দুই সহকারী উচ্চ স্বরে গান বাজিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।এক পর্যায়ে ওই গৃহবধূ কৌশলে বাস থেকে নেমে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার এবং বাসের চালকসহ তিনজনকে আটক করে।

ওসি বলেন, বাসের চালক আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। অপর দুই জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের রিমান্ডের আবেদন করা হয়নি। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।