রংপুরে নৌকা প্রতীকে আগুন, এলাকায় পুলিশ মোতায়েন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নোহালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর তৈরি প্রতীকী নৌকায় অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। উত্তেজনা দেখা দেওয়ায় রোববার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী এই ঘটনার জন্য তার প্রতিপক্ষ লাঙল প্রতীকের প্রার্থীর লোকজনকে দায়ী করলেও তিনি তা অস্বীকার করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ২৬ ডিসেম্বর এ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে বাঁধের পাড়ে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ টিটুলের সমর্থকরা বাঁশ-কাঠ দিয়ে নৌকার প্রতীক টানায়।
“শনিবার রাতে কে বা কারা ওই সেটাতে আগুন দেয়। রোববার সকালে ঘটনা জানাজানি হলে নৌকা প্রতীকের সমর্থকরা সেখানে জড়ো হয়।”
নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল এ ঘটনায় লাঙল প্রতীকের প্রার্থী আশরাফ আলীকে দায়ী করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানান।
তবে অভিযোগ অস্বীকার করে আশরাফ আলী বলেন, “গভীর রাতে কে বা কারা নৌকা প্রতীকে আগুন দিয়েছে তা জানা নেই। অথচ দোষ আমার ওপর চাপানো হচ্ছে।”
ওসি সুশান্ত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি আচরণবিধি মেনে নৌকার প্রতীক টানানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রংপুর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।”
সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
