গোপালগঞ্জে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কোপানোর অভিযোগ
গোপালগঞ্জে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে; যাকে মাদকাসক্ত বলছে শ্বশুরবাড়ির লোকজন।
শনিবার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে ওই নারীর পরিবার অভিযোগ করেছে।
২০ বছর বয়সী এই গৃহবধূকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে আহত নারীর মা সাংবাদিকদের বলেন, “২০১৭ সালে আমার মেয়ের বিয়ে হয় ঈসমাইল মুন্সির (২৫) সঙ্গে। ঈসমাইল মাদকাসক্ত। তাই বিয়ের পর থেকে নেশার টাকার জন্য আমার মেয়ের ওপর চাপ প্রয়োগ করতে থাকে।”
তার মেয়ে টাকা এনে দিতে অস্বীকার করলে ঈসমাইল তাকে মারধর করত এবং এ নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগে থাকত বলে তার [আহত নারী] মায়ের অভিযোগ।
তিনি আরও অভিযোগ করেন, এর মধ্যে আবার মেয়ের স্বামী যৌতুকের দাবিতেও তার মেয়ের ওপর অত্যাচার নির্যাতন করতেন। স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে বাবার বাড়ি চলে আসনে।
তিনি বলেন, “এর জের ধরে কয়েকজন লোক নিয়ে শনিবার সকালে ঈসমাইল আমাদের বাড়ি আসে। স্বামী-স্ত্রী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঈসমাইল আমার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।”
এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন এবং তিনি ঈসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ বলেন, “এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঈসমাইল মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন মানিকদাহ গ্রামের রফিক মুন্সির ছেলে।
