২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: ঝিনাইদহে মোটরসাইকেলে আগুন, বাড়িঘরে ভাংচুর

ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের উপর হামলা পাল্টা হামলার মধ্যে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 12:01 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

শুক্রবার রাতে সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের উপর এই হামলায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শৈলকুপার থানার ওসি মো. রফিকুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, রাত ৮টার দিকে সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা নির্বাচনী প্রচার শেষে কাতলাগাড়ী বাজারে ফিরছিলেন।

“পথে কৃত্তিনগর গ্রামে পৌঁছালে একদল লোক তাদের উপর হামলা চালায়। এ সময় সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আহত হয় অন্তত পাঁচ জন।”

রাতের আধারে দুপক্ষের সমর্থকদের দেশি অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায় বলে এলাকার লোকজন জানান।

ওসি বলেন, এরপর আরেক দল লোক ইউনিয়নের ভুলুনদিয়া, ছোটমৌকুড়ি গ্রামে নৌকা প্রতীকের সমর্থকদের বাড়িতে ভাংচুর করে। এতে কমপক্ষে আরও পাঁচ জন আহত হয়।

“দুপক্ষের অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে।”

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।