নওগাঁ হানাদারমুক্ত দিবস ১৮ ডিসেম্বর
১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও আরও দুদিন পর নওগাঁ হানাদারমুক্ত হয়েছিল বলে স্থানীয় মুক্তিযোদ্ধারা জানিয়েছেন।
এ দিন – ১৮ ডিসেম্বর – প্রায় দু্ই হাজার পাকসেনা নওগাঁয় আত্মসমর্পণ করে বলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ জানান।
তিনি বলেন, “১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এ খবর শোনার পরও নওগাঁয় পাকসেনারা অত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দেয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
“তৎকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে ১৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে প্রায় ৩৫০ মুক্তিযোদ্ধা নওগাঁ শহর ঘিরে ফেলেন। মুক্তিযোদ্ধারা ওইদিন শহরতলীর জগৎসিংহপুর ও খলিশাকুড়ি গ্রামে অবস্থান নিয়ে পাক বাহিনীর উপর আক্রমণ চালান। এ সময় পাক হানাদাররা ভারী অস্ত্র ব্যবহার করে। রাত ৮টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এতে ৫ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।”
হারুন অল রশিদ বলেন, “১৮ ডিসেম্বর শনিবার সকালে বগুড়া থেকে অগ্রসরমান ভারতীয় মেজর চন্দ্রশেখর, পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে পিবি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করলে হানাদার বাহিনীর আর কিছুই করার ছিল না। ফলে সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল, পুরাতন থানা চত্বর ও এসডিও অফিস থেকে শুরু করে রাস্তার দুই পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতমস্তকে আত্মসমর্পণ করে।
হারুন অল রশিদ জানান, তৎকালীন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে স্বাগত জানান। বর্তমান পুরাতন কালেক্টরেট (এসডিও) অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন। ফলে নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর।
নওগাঁ সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড গোলাম সামদানী বলেন, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের পাশাপাশি ১৮ ডিসেম্বর ‘নওগাঁ হানাদারমুক্ত দিবস’ সরকারিভাবে পালন করা প্রয়োজন। দিবসটি পালন করা হলে তরুণ প্রজন্ম জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।
“তবে একুশে পরিষদ নওগাঁর পক্ষ থেকে বরাবরের মত এবারও দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
এ দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও ঘোরদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে একুশে পরিষদ নওগাঁর সভাপতি আব্দুল বারী জানান।
