নওগাঁয় আসবাবপত্রের দোকান ভস্মীভূত, বিপুল ক্ষয়ক্ষতি
নওগাঁ পৌরসভায় একটি আসবাবপত্রের দোকান ও গুদাম পুড়ে গেছে। এতে ‘কোটি’ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের দাবি।
শুক্রবার দুপুরে কাঁঠালতলি এলাকায় ‘সম্রাট ফার্নিচার’ ও এর গুদামে দোকানে আগুন ধরে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ইনচার্জ মো. শফিকুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন, দুপুর সেয়া ১টার দিকে শহরের কাঁঠালতলি এলাকায় ‘সম্রাট ফার্নিচার’ নামের একটি আসবাবপত্র কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন বন্ধ থাকা ওই কারখানায় আগুন ও ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে সেই আগুন কারখানা সংশ্লিষ্ট দোকানে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে প্রথমে নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
কারখানাটিতে কাঠ, ইস্পাত, রাসায়নিক সামগ্রী, রং, তুষ, কাঠের গুঁড়া ও বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল বলে তিনি জানান।
শফিকুল ইসলাম বলেন, আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী, থিনার, রং, বোর্ড ও ফোমসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা এখনও নিরূপণ করা যায়নি।
সম্রাট ফার্নিচারের সত্ত্বাধিকারী বাদশা মিয়া বলেন, “কীভাবে আগুন লেগেছে তা বলা সম্ভব হচ্ছে না। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ অবস্থার সৃষ্ঠি হতো।
