ছাত্রলীগ নেতার ‘হুমকি’, নজরুলে প্রভোস্টসহ ৫ শিক্ষকের পদত্যাগপত্র জমা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে হুমকির অভিযোগ উঠেছে; এরপর দোলনচাপা মহিলা হলের প্রভোস্টসহ পাঁচ আবাসিক শিক্ষক পদত্যাগ পত্র দিয়েছেন।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
এরা হলেন দোলনচাপা মহিলা হল প্রভোস্ট সিরাজুম মুনিরা এবং চারজন হাউজ টিউটর আরিফ আহমেদ, আফরুজা ইসলাম লিপি, রাশেদুর রহমান ও ফারজানা খানম।
রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ছাত্রীদের জন্য উন্নত খাবার পরিবেশনের আয়োজন করে দোলনচাঁপা মহিলা হল কর্তৃপক্ষ। খাবারের জন্য পোলাও-এর চাল ও খাসি ক্রয় করা হয়।
“এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব উত্তেজিত হয়ে খাবারের খরচের সমস্ত টাকা তার হাতে তুলে দেওয়ার জন্য নানা রকম হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।”
এই ঘটনায় দোলনচাপা মহিলা হল প্রভোস্ট এবং চারজন হাউজ টিউটর পদত্যাগ করেছেন বলে তিনি জানান।
রেজিস্ট্রার বলেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দোলনচাপা হল প্রভোস্ট সিরাজুম মনিরা বলেন, “আমরা খাবারের জন্য ৬১ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী সংগ্রহ করি। খাসি ও পোলাওয়ের চালসহ সবকিছু কিনে ফেলেছি। ছাত্রীদের খাবারের টোকেনও দেওয়া হয়েছে।”
বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ছাত্রীদের সারপ্রাইজ দিয়ে উপহার দেওয়ার জন্য ঢাকা থেকে নানা উপহার সামগ্রীও কেনা হয়েছে বলে তিনি জানান।
“এতে ছাত্রলীগ নেতারা উত্তেজিত হয়ে খাসি ও অন্যান্য সামগ্রী বিক্রি করে তাদের হাতে পুরো টাকা তুলে দিতে বলে। ছেলেদের হলের সাথে একসাথে আয়োজন করবে। শুধু ছাত্রলীগ সংগঠন যারা করে তারা সবাই মাঠে বসে একসাথে খাবে। আর যারা সাধারণ শিক্ষার্থী এবং যারা ছাত্রলীগ না করে তাদের খাসির মাংস খেতে দিবে না।”
তিনি বলেন, “আমরা যতটা সহনশীলভাবে বলা দরকার ঠিক ততটা সহনশীলভাবে বলেছি; কিন্ত তারা (ছাত্রলীগ নেতারা) নানা হুমকি-ধমকি দিতে থাকে। ছাত্রলীগ সেক্রেটারির কথামত না চললে কেউ বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। গত ১৪ ডিসেম্বর বিকালে ক্যাম্পাসে ছাত্র উপদেষ্টা ও প্রক্টর স্যারের সামনে এমনভাবে হুমকি দিয়ে কথা বলে রাকিব।
“আমি প্রভোস্টসহ ৪ জন হাউজ টিউটর একসাথে সিদ্ধান্ত নিয়ে এই অরাজক পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারব না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। আজ বিকাল পৌনে ৫টায় হল প্রশাসন থেকে পদত্যাগ করে ক্যাম্পাস ত্যাগ করেছি।”
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বলেন, “চাঁদা চাওয়ার প্রশ্নই ওঠে না। শিক্ষার্থীদের অনুরোধে আমরা দুটি হলের খাবারের আয়োজন একসাথে করতে চেয়েছিলাম। আর এই আলাপটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রোক্টর স্যারের সামনেই হয়েছে। বরং দোলনচাপা মহিলা হল প্রভোস্ট ছাত্রী প্রতিনিধিদের না জানিয়ে একতরফাভাবে খাবারের আয়োজন করেছে। এতে হলের ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়ে।”
