করমজল প্রজনন কেন্দ্রের ১০০ কুমির ছাড়া হল সুন্দরবনে
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সুন্দরবনে ১০০টি কুমির অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার বেলা ১১টায় পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে আটটি কুমির অবমুক্ত করে আনুষ্ঠনিক উদ্বোধন ঘোষণা করেন।
পরে অন্য কুমিরদের মুক্ত জলে ছেড়ে দেন বনকর্মীরা।
বনের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অবমুক্ত করা এসব কুমির করমজল কেন্দ্রের পুকুরে উৎপাদন করা হয়েছে। এখানেই কুমির ডিম পেড়েছে। সেই ডিম ফুটিয়ে বাচ্চা লালন-পালন করে বড় করা হয়েছে।
কুমির অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীসহ বন বিভাগের কর্মকর্তারা ছিলেন।
