২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘টায়ার পোড়া ধোঁয়ায় অন্ধকার বাড়িঘর’

ফেনীর কাশিমপুর গ্রামে পুরনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের দুটি অবৈধ কারখানার ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে। শ্বাসকষ্ট ও চুলকানিসহ বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 10:56 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

কারখানা দুটি তিন বছর ধরে পরিবেশ দূষিত করলেও পরিবেশ দপ্তর এখন বলছে ‘তাদের দুই মাস’ সময় দেওয়া হয়েছে। আর প্রশাসন দায় সেরেছে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করে।

সরজমিনে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ওই গ্রামে গিয়ে দেখা গেছে, ফেনী-লঙ্কা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে এই কারখানা দুটি গড়ে উঠেছে। কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলের জমি। বিবর্ণ হয়ে গেছে এলাকার গাছপালা ও বাড়িঘর।

কাশিমপুরের বাসিন্দা আঞ্জুমান আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টায়ার পোড়ানোর কারণে জানালা-দরজার ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকে ঘর অন্ধকার হয়ে যায়। ঘরের প্রত্যেক আসবাবপত্র ধূসর বর্ণের

হয়ে গেছে। এই কারখানা স্থাপনের পর অনেকের চুলকানি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে।”

তাছাড়া বিপুল পরিমাণ কাঠ পুড়িয়ে বনভূমি উজাড় করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

হাসিনা আক্তার, গিয়াস উদ্দিন ও দাউদুল ইসলাম, রুবেলসহ এলাকার অনেকে অভিযোগ করেছেন, “টায়ার পোড়া বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। উৎকট গন্ধে এলাকায় বসবাস প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

কারখানার আশপাশের কোনো জমি এখন আর চাষ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় মিয়াজিবাড়ির বাসিন্দা কামাল উদ্দিন।

তিনি বলেন, “গাছের পাতার রঙ বিবর্ণ হয়ে গেছে। বাড়ির ফলগাছগুলোয় ফুল-ফল ধরছে না।”

ফেনী-লঙ্কা পাওয়ারের হিসাব বিভাগের কর্মকর্তা বিশ্বনাথ বণিক অভিযোগ করেছেন, “বিদ্যুৎ উৎপাদন কারখানার ১০০ গজের মধ্যে টায়ার পোড়ার কারখানা গড়ে ওঠায় আমাদের ১৮ জন নিরাপত্তারক্ষী স্বাস্থ্যঝুকির মধ্যে রয়েছেন।”

স্থানীয় চিকিৎসকরা এ বিষয়ে সতর্ক করেছেন।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি বলেন, “টায়ার পোড়ানোর বিষাক্ত গন্ধে অবশ্যই বায়ু দূষিত হয়। বায়ু দূষিত হলে শ্বাসকষ্ট ও ফুসফুসে ক্যান্সার, অ্যালার্জিসহ ১৬ ধরনের দুরারোগ্য ব্যাধি হতে পারে। এসব ব্যাধি প্রাথমিক অবস্থায় ধরা না পড়লেও কয়েক বছর পর থেকে উপসর্গ দেখা দেবে।”

কারখানা দুটির মালিক এলাকার প্রভাবশালী শিব্বির আহম্মদ ও মহিপালের হোসেন মাহমুদ সবুজ।

শিব্বির আহম্মদ বলেন, “কারখানা দিয়ে দেশের উন্নতি হচ্ছে। দিনের পরিবর্তে রাতে মেশিন চালানোয় এলাবাসীর তেমন ক্ষতি হচ্ছে না। তাছাড়া পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করেছি। কিছুদিনের মধ্যে তা পেয়ে যাচ্ছি। তখন কারখানাটি বৈধ হয়ে যাবে।”

কারখানাটি পরিবেশবান্ধব করার প্রক্রিয়া চলছে বলে তিনি দাবি করেন।

অপর কারখানার মালিক হাসান মাহমুদ সবুজ।

সবুজ বলেন, “আমার কাছে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের অনাপত্তিপত্র ও ট্রেড লাইসেন্স আছে। পরিবেশের ছাড়পত্রের জন্য টাকা জমা দেওয়া আছে। অতিসত্বর হয়ে যাবে।”

এলাকার শতাধিক বাসিন্দা চলতি মাসের শুরুতে অবস্থার প্রতিকার চেয়ে ফেনীর ডিসি ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

ফেনীর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফয়জুল কবির বলেন, “কাশিমপুর এবং জায়লস্করে জনবহুল এলাকায় তিনটি টায়ার কারখানা স্থাপন করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এদের কারোরই পরিবেশ ছাড়পত্রের অনুমোদন নেই।”

এ বিষয়ে পরিবেশ দপ্তর কোনো পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইদুর রহমান বলেন, “জেলায় কোনো টায়ার পোড়ানো কারখানাকে অনুমোদন দেওয়া হয়নি। সম্প্রতি গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে শুনানি হয়েছে। শুনানিতে কারখানার মালিক শিব্বির আহম্মদকে দুই মাসের সময় দেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে কারখানা পরিবেশবান্ধব করার নির্দেশ দেওয়া হয়েছে। শিব্বির আহমেদ পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। আমরা পর্যবেক্ষণ করছি।”

অনুমোদন না থাকায় সবুজের কারখানাকে ইতোমধ্যেই এক লাখ টাকা জরিমানা কর হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা।

প্রশাসনের পরবর্তী দায়িত্ব সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।

রোববার জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অনুমোদনহীন টায়ার পোড়া কারখানার বিষয়ে প্রশ্ন উঠলে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসান।

তিনি বলেন, জনস্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোনো কারখানার অনুমোদন দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।