২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুরে নারী চিকিৎসককে ‘প্রাণনাশের হুমকির চিঠি’

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 09:08 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

এ ব্যাপারে ওই হাসপাতালের গাইনি কন্সালট্যান্ট ডা. আয়েশা আক্তার  রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আয়েশা আক্তার  জিডিতে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর তিনি ডাক্তার কোয়ার্টারে থাকেন। বৃহস্পতিবার অফিস শেষে যশোরে বাড়ি যান।  রোববার ফিরে এসে দেখেন তার বাসায় দরজার সামনে একটি চিঠি পড়ে আছে।

“চিঠিতে বলা হয়েছে – কোটচাঁদপুর ছেড়ে চলে যাও। নইলে হত্যা করা হবে।”

চিঠি পাওয়ার পর তিনি আতংকের মধ্যে আছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ এই বিষয়টি সোমবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে তুলে ধরেন বলে পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি ময়েন উদ্দিন জানান, ডা. আয়েশা আক্তার  রোববার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি হাসপাতালে সংস্কারমূলক কাজ শুরু করেছেন। তিনি প্রসূতিদের বিনা টাকায় সিজার করছেন। মেয়েদের ভালো চিকিৎসা সেবা দিচ্ছেন।

“এতে কেউ ক্ষুব্ধ হয়ে তাকে সরানোর জন্য হুমকি দিয়ে চিঠি দিয়েছে। তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

রাতে হাসপাতাল এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে বলেও ওসি জানান।