২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 08:16 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ দণ্ডিত আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত সৈয়দ হেলাল মিয়া (২৪) বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে।

Image
বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে সৈয়দ হেলাল মিয়া

বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে সৈয়দ হেলাল মিয়া

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবুল হাসিম মোল্লা মাসুম জানান, ২০১৭ সালের প্রথম দিকে হেলাল মিয়ার বিয়ে হয় উপজেলার বরগাঁও গ্রামের এই মেয়ের সঙ্গে। বিয়ের পর থেকে হেলাল যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করত।

“২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর রাতে হেলাল মিয়া স্ত্রীকে মারধর করেন এবং এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করেন।”

পিপি মাসুম বলেন, ঘটনার পাঁচ দিন পর ২৮ সেপ্টেম্বর নিহতের ভাই বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যার অভিযোগে হেলাল, তার মা, বাবাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে স্বামী হেলল মিয়া, হেলালের মা সৈয়দা সাহেদা খাতুন ও ধর্মভাই একই গ্রামের তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সৈয়দা সাহেদা খাতুন ও তাজুল ইসলামকে খলাস দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন হাফিজুল ইসলাম।