২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধূকে ‘ধর্ষণ, ডাকাতি,’ দেবর আটক

বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণ ও ডাকাতির অভিযোগে তার চাচাত দেবরকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 04:33 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

আটক সজল মল্লিক (২৫) সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

গৃহবধূর স্বামী সাংবাদিকদের বলেন, তিনি বাগেরহাট শহরে একটি বেসরকারি ব্যাংকে নৈশ প্রহরীর চাকরি করেন। সোমবার রাতের খাবার খেয়ে ব্যাংকে চলে যান তিনি। বাড়িতে তার ২৩ বছর বয়সী স্ত্রী ও চার বছর বয়সী মেয়ে ছিল।

“রাত ২টার দিকে কৌশলে টিনশেড ঘরের দরজা খুলে এক ব্যক্তি ঘরে ঢোকে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই ব্যক্তি ঘর থেকে ৪৭ হাজার টাকা, সোনার দুল ও চেইন নিয়ে চলে যায়। পরে স্ত্রী ফোন করে আমাকে ঘটনা জানায়।”

চাচাত ভাই সজল মল্লিকের সঙ্গে তার জমি নিয়ে আগে থেকে বিরোধ রয়েছে জানিয়ে তিনি বলেন, “সেই বিরোধের জেরে সজল বাইরে থেকে ভাড়া করা লোক এনে এ ঘটনা ঘটিয়েছে।

“আমার স্ত্রী ওই ব্যক্তিকে চিনতে পেরেছে। আমি এর বিচার চাই।”

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ হাসান বলেন, পুলিশ ইতোমধ্যে আলামত জব্দ করেছে। সজলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।