২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষার ক্ষেতে কৃষকের হাসি

উত্তরের জেলা রংপুরে দিগন্তজোড়া সরিষা ক্ষেতে হলুদের সমারোহ দেখে এ বছর ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 11:59 AM

Updated : 10 Oct 2022, 06:27 PM

কৃষকরা বলছেন, এ বছর তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ও রোগ-বালাই না হওয়ায় ভালো ফলনের আশা করছেন তারা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর ৬ হাজার ৪১০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল।

“সরিষা চাষের জন্য জেলার ১৩ হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রায় দুই হাজার হেক্টর জমিতে সার ও বীজ দেওয়া হয়েছে।”

সরেজমিনে দেখা গেছে- জেলার দিগন্তজোড়া সরিষা ক্ষেতে এখন হলুদের সমারোহ। যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। দেখে মনে হয় যেনো হলুদ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। কুয়াশা ভেদ করে সূর্যের আলোতে ঝকমকিয়ে ওঠা সরিষা ফুলে উড়ে উড়ে কৃষকদের স্বপ্ন বুনে চলছে মৌমাছি, প্রজাপতি আর ছোট পাখি। আর সরিষা ফুলে বাতাসের দোল যেন কৃষকের হাসি।

সদর উপজেলার মমিনপুর গ্রামের কৃষক আমজাদ আলী বলেন, “এবার কোনো দুর্যোগ ছিল না। রোগ-বালাইও হয়নি। দেখে মনে হচ্ছে, এবার সরিষার ফলন ভালো হবে।”

ভালো দাম পাওয়ারও আশা প্রকাশ করেন তিনি।

একই গ্রামের কৃষক আজিজুল ইসলাম বলেন, “দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এবার কৃষি অফিস থেকে কিছু বীজ পাওয়া গেছে। নিজেও কিছু সংগ্রহ করেছি। মাঠজোড়া হলুদের সমারোহ দেখে মনে হচ্ছে ফলন ভালোই হবে।”

রাজেন্দ্রপুর এলাকার দিগেন চন্দ্র রায় বলেন, “গতবার এক একর জমিতে সরিষা চাষ করে ভালো দাম পেয়েছিলাম। তাই এবার বেশি জমিতে চাষ করেছি। কোনো ধরনের সমস্যা না হলে ফলন ভালোই হবে। আর ভালো দামও পাব আশা করি।”