শরীয়তপুরে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দলীয় প্রতীক না থাকলেও পছন্দের প্রার্থীর পক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্যের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক পিন্টু জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন স্থানে মৌখিক অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
তবে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এ অভিযোগ অস্বীকার করেছেন।
আব্দুর রাজ্জাক পিন্টু বলেন, “সংসদ সদস্য নাহিম রাজ্জাক ধানকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মাওলা রতনের ঘোড়া প্রতীকের পক্ষে বিভিন্ন গ্রামে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করে পথসভা ও উঠান বৈঠক করছেন।
“তিনি তার কর্মকর্তা-কর্মচারীসহ নেতাকর্মীদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ভোট চাইছেন। এতে সাধারণ ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়ছেন।
“প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।”
এই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোটার আব্দুল কুদ্দুছ বলেন, “দলীয় প্রতীক ছাড়া ইউপি নির্বাচনে আমরা সুষ্ঠ ভোটের প্রত্যাশা করছিলাম। এমপি সাহেবের হস্তক্ষেপের কারণে সুষ্ঠু ভোট নিয়ে আমরা শঙ্কায় আছি।”
ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান ফিরোজ বলেন, “আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমার বাসায় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এসেছিলেন। তবে আমি এ বিষয়ে কোনো কথা বলবো না।”
চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মাওলা রতন বলেন, “সংসদ সদস্য নাহিম রাজ্জাক আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।”
আরেক চেয়ারম্যান পদপ্রার্থী ওসমান গনি মীর বলেন, “সংসদ সদস্য আমার বাড়িতে দুপুরে বেড়াতে এসেছিলেন। তিনি তখন কোনো ভোট চাননি। তাই আচরণবিধি লঙ্ঘন হওয়ার কিছু নেই।”
চেয়ারম্যান প্রার্থী দ্বীন মোহাম্মদ দুলাল বলেন, “শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ধানকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মোল্যার পক্ষে নোয়াব আলী খানের বাড়ি পথসভা করে ভোট চাইছেন। এটা আচরণ বিধি লংঘনের শামিল।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও ডামুড্যা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
“ওই এমপির সঙ্গে কথা বলেছি। তিনি বিকালের মধ্যে ঢাকা চলে যাবেন বলে জানিয়েছেন।”
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, “আমি শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য কথা বলেছি। কোনো প্রার্থীর পক্ষে ভোট চেয়েছি – এটা প্রমাণ দিতে বলেন।”
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, “এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, “এটি নির্বাচন কমিশনের বিষয়। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।”
