২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলের ধর্ষণ মামলায় রয়েল রিসোর্ট কর্মকর্তার সাক্ষ্য

নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 11:44 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়।

সোনারগাঁ রয়েল রিসোর্টের সিনিয়র গেস্ট রিলেশন কর্মকর্তা নাজমুল হাসান অনিক, সুপার ভাইজার আব্দুল আজিজ পলাশ ও আনসার সদস্য রতন বড়াল সাক্ষ্য প্রদান করেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গাজীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে বিকালে তাকে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, এর আগে গত ২৪ নভেম্বর মামলার বাদী মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্না আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা ওই দিনের ঘটনা আদালতে বর্ণনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরাও করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর রকিব উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালতে তিনজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আসামি মামুনুল হক তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্নাকে যেখানে নিয়ে ‘ধর্ষণ করেছেন’ সেই রয়েল রিসোর্টের কর্মকর্তা, সুপারভাইজার, গার্ড আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তারা আদালতে জানিয়েছেন, পুলিশ এসে জিজ্ঞাসাবাদকালে মামুনুল হক বিয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বাদীর বক্তব্যের সমর্থনে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মামুনুল হক ওই সময় স্বীকার করেছেন ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জান্নাত আরা ঝর্নাকে ধর্ষণ করেছেন’ তিনি। এর আগে মামলার বাদী জান্নাত আরা ঝর্না আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুনুল হক ধর্ষণ করেছেন।  

আসামীপক্ষের আইনজীবী আনিসুর রহমান মোল্লা সাংবাদিকদের বলেন, মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে অভিযোগ করেছে তা তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। সাক্ষীরা ধর্ষণের ঘটনা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মোহসীন মিয়া, সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ আরও কয়েকজন রয়েছেন।

আসামিপক্ষে ছিলেন আনিসুর রহমান মোল্লা ও ওমর ফারুক নয়ন।  

চলতি বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগসহ লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করার সময় খবর পেয়ে হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে ভাংচুর চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাংচুর করেছে। এসময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ভাংচুর করে শতাধিক যানবাহন। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করে।

ওই সময় পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বাধে।

এই ঘটনায় হেফাজতকর্মী মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে মামুনুল হককে হেনস্থা করার  অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ স্থানীয়দের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন।  

নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ ও সহিংস ঘটনার উদ্ভূত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়।

এর আগে ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ গ্রেপ্তার করে। রয়েল রিসোর্ট কাণ্ডের ২৭ দিন পর সোনারগাঁ থানায় হাজির হয়ে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।