সাফারি পার্কে থমসন গজেল পরিবারে নতুন অতিথি
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান প্রাণী থমসন গজেল পরিবারে নতুন অতিথি এসেছে।
শুক্রবার সন্ধ্যায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি পার্কের কোর সাফারির আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে নতুন শাবকটিকে ঘুরতে দেখা গেছে।
নতুন অতিথি নিয়ে সাফারি পার্কে থমসন গজেল পরিবারে সদস্য সংখ্যা তিনটিতে দাঁড়াল।
তবিবুর জানান, থমসন গজেল মূলত এন্টিলুপ প্রজাতির আফ্রিকান প্রাণী। অভিযাত্রী জোসেফ থমসনের নামে এ প্রাণীর নামকরণ করা হয়েছে। অনেক স্থানে গজেলকে ‘টমি’ ডাকা হয়।
একটি পুরুষ গজেলের ওজন ২০/৩০ কেজি এবং আর স্ত্রী গজেলের ওজন ১৫/২৫ কেজি পর্যন্ত হয়। এ প্রাণীর চোখের চারপাশে সাদা রিং, চোখের কোন থেকে নাকের দিকে কালো ডোরা, নাকের উপর একটি কালো দাগ থাকে।
তবিবুর বলেন, এক সপ্তাহ আগে গজেল শাবটির জন্ম হলেও মা সন্তানকে লুকিয়ে রাখায় দেখা যায়নি। সম্প্রতি শাবকটি মায়ের সঙ্গে বের হয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। দুধ খাচ্ছে।
এখন পর্যন্ত গজেল শাবকটি সুস্থ রয়েছে। তাকে নজদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি।
