কক্সবাজারে ৪ কিশোর অপহরণ: সন্দেহভাজন তিন রোহিঙ্গা আটক
কক্সবাজারের রামু উপজেলার চার কিশোরকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।
শুক্রবার সকালে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
তবে এখনও পর্যন্ত অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হল-টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা নজির আহাম্মদের ছেলে নুর সালাম (৫০), নুর সালামের মেয়ে রনজন বিবি (১৩) ও একই ক্যাম্পের মোচনী পাড়ার আবুল কাদেরের ছেলে সাদ্দাম মিয়া।
গত ৭ ডিসেম্বর সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকা থেকে টেকনাফের সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে স্থানীয় চার শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে স্বজনদের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিম নামের দুই রোহিঙ্গার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে।
অপহৃত কিশোররা একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির ছাত্র।
তারিকুল বলেন, “মুক্তিপণের দাবিতে চার শিক্ষার্থীকে অপহরণ করে জিম্মি রাখার খবর পাওয়ার পর থেকে এপিবিএন সদস্যরা টেকনাফের বিভিন্ন ক্যাম্পসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। এর প্রেক্ষিতে টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পে থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ রোহিঙ্গা আটক করা হয়।”
আটক তিন রোহিঙ্গা অপহরণের ঘটনায় অভিযোগের মুখে থাকা মোহাম্মদ ইব্রাহিমের আত্মীয় বলে এপিবিএন অধিনায়ক জানালেও বিস্তারিত কোনো তথ্য দেননি।
টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম বলেন, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে এপিবিএন সদস্যদের হাতে আটক ৩ রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশের পাশাপাশি এপিবিএন ও র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
