২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 03:46 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভগবান নগর গ্রামে এ ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে ভগবান নগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হয়। এ নিয়ে প্রতিবেশী ফিরোজ হোসেনের সঙ্গে শাকিলের বাগবিতণ্ডা হয়।

“এর জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি বলে জানান তিনি।