মোংলায় কচ্ছপ উদ্ধার, ‘যুবক আটক’
বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক ‘সুন্দি’ প্রজাতির কচ্ছপসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৫টি কচ্ছপসহ এক যুবককে ‘বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে’ হস্তান্তর করা হয়েছে বলে জানানো হলেও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শুধু কচ্ছপ পাওয়ার কথা জানিয়েছে।
কোনো আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়নি বলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্টরা জানান।
কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে মোংলা উপজেলার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে ৫৫টি কচ্ছপসহ তৌহিদ সরদার (৩০) নামের এক যুবকে আটক করা হয়। জব্দ কচ্ছপ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষ বিভাগে হস্তান্তর করা হয়েছে।
আটক ওই যুবকের ঠিকানা বা বিস্তারিত পরিচই কোস্ট গার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, “কোস্ট গার্ড ৫৫টি কচ্ছপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। উদ্ধার কচ্ছপগুলো যশোর এলাকায় অবমুক্ত করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।”
কোস্ট গার্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এক জনকে আটকের কথা বলে হয়েছে – এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএফও বলেন, “তারা আমাদের বলেছে, কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। কেবল কচ্ছপগুলো আমাদের কাছে হন্তান্তর করা হয়েছে।”
“বন বিভাগ না পুলিশ?” পুনরায় প্রশ্ন করা হলে তিনি বলেন, “পুলিশ ও বন বিভাগের কাছেই আমরা কচ্ছপগুলো হস্তান্তর করে দিয়েছি। ওনারাই পরবর্তী ব্যবস্থা নিয়েছেন।”
তবে পুলিশের কথা বলা হলেও এ বিষয়ে কিছুই জানে না মোংলা থানা।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “এমন কোনো ঘটনা নেই। কোস্ট গার্ড বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে এমন কোনো আসামি পাঠায়নি।”
স্থানীয় বাজারে কচ্ছপের চাহিদার পাশাপাশি বাংলাদেশ থেকে এবং বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে ভারতসহ বিভিন্ন দেশে কচ্ছপ পাচার হয়ে আসছে বলে বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম কচ্ছপ শিকার ও পাচার রোধের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “কেবল কাছিম বা বন্যপ্রাণীগুলো উদ্ধার করলেই হবে না। এই ব্যবসার সাথে কারা কারা জড়িত, অর্থাৎ পুরো মার্কেট চেইনটা খুঁজে বের করতে হবে। একজন বিক্রেতা হয়তো আছে তৃণমূল পর্যায়ে (বাজারে), কিন্তু ২০০ বা ১০০ কাছিম সে কোথায় পেল? এটার একটি মূল আছে। এটা খুঁজে বের করতে হবে।”
তিনি আরও বলেন, “আবার যে কাচ্ছপগুলো আমাদের বাংলাদেশে আসে – এটি কিন্তু আন্তর্জাতিক একটি অপরাধী চক্র। প্রথমত আসামি ধরতে হবে। কেবল প্রাণী উদ্ধার করলাম, আসামি ধরলাম না, তা করলে হবে না। আসামি ধরার পর তাকে সঠিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে কে তার উপর আছে, আর কে কে জড়িত – এভাবে পুরো চক্রটাকে শনাক্ত করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা করা না গেলে স্থানীয়ভাবে দুই চার বস্তা কাছিম উদ্ধার করে এই প্রণীটিকে রক্ষা করা যাবে না।”
দেশে দীর্ঘ দিন ধরে কচ্ছপ নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিই)।
এর প্রতিষ্ঠাতা শাহরিয়ার সিজার রহমান বলেন, পৃথিবীতে প্রায় ৩৬১টি প্রজাতির কাছিম ও কচ্ছপ আছে। এর মধ্যে ৭ প্রজাতির সামুদ্রিক নোনা পানির। বাকিগুলো মিঠাপানির কচ্ছপ। বিশ্বজুড়ে এই প্রাণীটি ঝুঁকির মধ্যে আছে। বিশ্বে মোট প্রজাতির ৬০ ভাগই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত। এর মূল কারণ হচ্ছে শিকার।
তিনি জানান, বাংলাদেশে ২৪-২৫ প্রজাতির কচ্ছপ রেকর্ডেড আছে। এর মধ্যে ২২-২৩টি প্রজাতিই বিপন্ন, মহাবিপন্ন। এখনও দেশে যে প্রজাতি সবচেয়ে বেশি দেখা যায় তা হচ্ছে সুন্দি কাছিম। তবে এরাও এখন মারাত্মক ঝুঁকিতে আছে। এদের সংখ্যা এখন অনেক কমে গেছে।
