২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ ‘প্রেমিকের’ বিরুদ্ধে 

ঢাকার আশুলিয়ায় ‘পরকীয়ার জেরে’ এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 10:04 AM

Updated : 07 Apr 2022, 11:59 PM

নরসিংহপুর এলাকার কুণ্ড সরকারের ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে মারুফা বেগম নামের ওই নারীর লাশ তারা উদ্ধার করেন বলে আশুলিয়া থানার এসআই হাসিব শিকদার জানান।

নিহত মারুফা (২৯) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মোস্তফার মেয়ে। তার স্বামী আল-আমিন কুয়েত প্রবাসী।

পুলিশ জানায়, নরসিংহপুর এলাকার ‘শারমিন গ্রুপের’ একটি কারখানায় চাকরি করতেন মারুফা। মারজানা নামে ১০ বছরের মেয়ে ও ফাহিম নামে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে তার।

ঘটনার পর থেকে মারুফার কথিত প্রেমিক হাসান খাঁ (৩০) পলাতক রয়েছেন।তিনি বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের জাকির খাঁ’র ছেলে।

এসআই বলেন, মারুফা প্রায় ৫ মাস আগে চাকরির জন্য আশুলিয়ায় আসেন।ওই সময় দুই মাস তিনি তার মামার বাসায় ছিলেন। পরে আলাদা বাসা ভাড়া নেয়। সেখানে মারুফার কথিত প্রেমিক মামাতো দেবর হাসান প্রায়ই যাতায়াত করতেন।

“মারুফার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে তাকে শ্বাসরোধ করে হত্য করা হয়েছে।”

তিনি বলেন, “মারুফার ছেলে ফাহিম পুলিশকে জানিয়েছে, হাসান চাচ্চু বাসায় এসেছিল। তিনি আম্মুর সঙ্গে মারামারি করে আম্মুর মোবাইল নিয়ে যায়।”

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।