২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে অস্ত্রসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 10:02 AM

Updated : 02 Aug 2022, 06:41 PM

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, উপজেলার বান্দুরা ইউনিয়নের পিত্তিতলা খালপাড় এলাকায় বুধবার ভোরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের কোতোয়ালি উত্তর গোপীনাথপুর এলাকার ইমান মোল্লার ছেলে বাদশা মোল্লা (২৯), একই জেলার নগরকান্দা উপজেলার মশাউজান গ্রামের আফতাব মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪০), গজগাহ গ্রামের পাচু মণ্ডলের দুই ছেলে রেজাউল মণ্ডল (২৮) ও রাকিব মণ্ডল (২২)।

ওসি সিরাজুল জানান, ডাকাতরা পিত্তিতলা খালপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার ভোরে এলাকার জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির সামনের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা । গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।  সে সময় আরও এক ডাকাত পালিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে দুটি খেলনা পিস্তল, একটি ড্যাগার, তিনটি চাপাতি, একটি চাকু, একটি কাটার, একটি হাতুড়ি, দুটি চাইনিজ কুড়াল, চারটি টর্চ লাইট ও পাঁচটি মোবাইল ফোন।

“তারা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।”

তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম শেখ।