শেরপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন, সহযোগীর ১৪ বছর
শেরপুরের ঝিনাইগাতীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন এবং তার সহযোগীর ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।
বুধবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডিত শফিকুল ইসলাম ঝিনাইগাতীর কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ১৪ বছর সাজাপ্রাপ্ত ছানা মিয়া একই উপজেলার হাসলিগাঁও গ্রামের সেকান্দর বাদশাহর ছেলে।
এই আদালতের পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ঝিনাইগাতীর পাইকুড়া গ্রামের ওই স্কুলছাত্রী ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় চাচার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা তাকে রাস্তা থেকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে নিয়ে শফিকুল তাকে একাধিকবার ধর্ষণ করে।
মেয়েটির বাবার দায়ের করা মামলায় পুলিশ দুই মাস পর তাকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।
