২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে হারার পর রাস্তা কেটে ফেললেন সদস্য প্রার্থী

নওগাঁর মান্দায় পরানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার পর রাস্তা কেটে দিয়েছেন এক সদস্য পদপ্রার্থী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2021, 07:34 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

সোমবার রাত ৮ টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী  আব্দুল কাদের সদলপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটান।  এতে অন্তত ৩০ পরিবারের লোক বিপাকে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, সদ্য সমাপ্ত নির্বাচনে সদলপুর গ্রামের আব্দুল কাদের ‘তালা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমানের কাছে ১১৩ ভোটে পরাজিত হন।

এতে সদলপুর পুকুরপাড় এলাকার লোকজনের প্রতি ‘চরম ক্ষুব্ধ’ হয়ে আব্দুল কাদের ২ থেকে আড়াই ‘শ গজ রাস্তা কেটে ফেলেন। 

গ্রামের বাসিন্দা একাব্বর মণ্ডল বলেন, প্রায় ২০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন পুকুরপাড় গ্রামের লোকজন। গ্রামের দরিদ্র লোকজন শ্রমিকের কাজসহ চার্জারভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাস্তাটি কেটে ফেলায় চরম বেকায়দায় পড়েছেন তারা।

গ্রামের লিমা খাতুন বলেন, “ভোটের আগে আব্দুল কাদের আমাদের গ্রামে এসে ভোট প্রার্থনা করেছিলেন। আমরা তাকেই ভোট দিয়েছি। অন্য এলাকার ভোট না পাওয়ায় তিনি পরাজিত হন।”

নুরজাহান বিবি বলেন, “ভোট পরাজিত হয়ে দায় আমাদের কাঁধে চাপিয়ে আব্দুল কাদেরের কর্মী-সমর্থকরা যাতায়াতের রাস্তাটি কেটে ফেলেন।”

আব্দুল কাদের বলেন, ‘আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির উপর রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তাই সেটি কেটে ফেলা হয়েছে। নির্বাচনে হেরে ক্ষুব্ধ হয়ে কাজটি করেছি এটি সঠিক নয়।’ 

পরানপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিতভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।