২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়ের খবর শুনে ‘বিমর্ষ’ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

নেত্রকোণায় নির্বাচনে পরাজয়ের খবর শোনার পর থেকে ‘বিমর্ষ’ ছিলেন দুর্গাপুরের কলজোড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান; সোমবার ‘বুকে ব্যাথা’ নিয়ে হাসপাতালে ভর্তির পর মারা যান তিনি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2021, 03:45 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা দুপুরে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

৩৮ বছর বয়সী হাবিবুর বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

হাবিবুরের পরিবারের বরাতে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, রোববার তৃতীয় ধাপে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচনের ফলাফলে হাবিবুরকে পরাজিত ঘোষণা করা হয়। এ খবর শোনার পর থেকে তিনি ‘বিমর্ষ’ হয়ে পড়েন।

সোমবার বেলা ১১টার দিকে হাবিবুর হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় পরিবারের লোকজন তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

হাবিবুর চেয়ারম্যান পদে বাকলজোড়া ইউনিয়নে ৩ হাজার ৩০০ ভোট পেয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লাতিফ শেখ জানান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসরাম রায়হান জানান, হাবিবুর রহমান ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।