গাজীপুর সিটি মেয়রের দায়িত্ব নিলেন কিরণ
জাহাঙ্গীর আলমের বরখাস্তের পর গঠিত প্যানেলের প্রথম সদস্য আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশেনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন।
রোববার দুপুরে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে আসাদুর রহমান কিরণ মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে কিরণ নগরীর উন্নয়নে রাস্তা-ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে গিয়ে ইতোপূর্বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা এখনও কোনো ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
এজন্য তিনি সিটির সংশিষ্ট সকল কর্মকর্তা, কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা চেয়েছেন।
অসমাপ্ত সকল কাজ নির্ধারিত মেয়াদেই সম্পন্ন করা হবে এবং নাগরিকদের সকল সেবা নিশ্চিত করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন কিরণ।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেলের দ্বিতীয় ও তৃতীয় সদস্য যথাক্রমে মো. আব্দুল আলিম মোল্লা ও আয়েশা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি মো. ওয়াজউদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহি, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, শাহজাহান মিয়া সাজু, জাবেদ আলী জবে, নুরুল ইসলাম নুরু প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর নানা অনিয়মের অভিযোগে গত ২৫ নভেম্বর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যদের মেয়র প্যানেল গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্যানেলের ১ নম্বর সদস্য হলেন আসাদুর রহমান কিরণ।
