২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2021, 11:29 AM

Updated : 07 Apr 2022, 11:56 PM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ রোববার আলাউদ্দিন নামের ওই যুবককে এ সাজা দেন।

২৭ বছর বয়সী আলাউদ্দিন ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, “ভোট শুরুর পর সকাল ৯টায় পানিশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার 'তালা' প্রতীকে জাল ভোট দিতে টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান আলাউদ্দিন।

“তিনি ইদ্রিস মিয়া নামে এক ভোটারের ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেরে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আলাউদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।“

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে রোববার ভোট চলছে। সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।