২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিরোধের জেরে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা

মাদারীপুরের শিবচরে এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2021, 06:54 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার বেলা ৩ টার দিকে শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান।

নিহত দাদন চোকদার (৪৫) ওই এলাকার মৃত আদম চোকদারের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, গত বছর দাদন চোকদারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সেলিম শেখ নামের এক ব্যক্তির বিবাদ হয়। পরে এই ঘটনায় আদালতে একটি মামলা হয়। সম্প্রতি দাদনের পক্ষে মামলায় রায় দেয় আদালত। সেলিম রায় মেনে না নিয়ে দাদনকে হত্যার হুমকি দেয়।

“দাদন বেলা ৩টার দিকে শিবচর বাজার থেকে ভ্যানে করে সেলিম শেখের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়ি যাচ্ছিল। এ সময় সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখ তাকে ভ্যান থেকে নামিয়ে রাস্তায় ফেলে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। পরে দাদানের শরীর থেকে পা বিচ্ছিন্ন করে।“

পরে স্থানীয়রা দাদনকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর এবং এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।